দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন আরো ২৭ জন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর করোনা আক্রান্ত হয়েছেন ৬০৯ জন। এ যাবত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৫১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ যাবত ১ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৭৯৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। চলতি বছর করোনায় এ পর্যন্ত মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ। এ যাবত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।