রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে এক কোটি টাকা করে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাদী হয়ে আজ সোমবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেন।

রিট আবেদনে স্বরাষ্ট্রসচিব, সড়ক পরিবহন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এবং জাবালে নূর পরিবহণ কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

ব্যারিস্টার কাজল জানিয়েছেন, রিট আবেদনটির ওপর বেলা ২টার দিকে শুনানি করতে গেলে বিকাল পৌণে চারটায় হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসন ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য ঠিক করেন।

এর আগে গত ২৯ জুলাই রোববার বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের চাপা দিলে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর সোমবার দুপুরে হাই কোর্টের একই বেঞ্চে উপস্থাপন করে সুয়োমটো রুল জারির আবেদন জানান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

পরে আদালত আইনজীবীকে বাদী হয়ে রিট করতে বলেন। এছাড়া এ ঘটনায় নিহত ও আহতদের বিষয়ে খোঁজ-খবর নিতে সংশ্লিষ্ট আদালতের সহকারি অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিনকে মৌখিকভাবে নির্দেশ দেন।

পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যারিস্টার কাজল বাদী হয়ে রিট করেন। রিট আবেদনে কুর্মিটোলার দুর্ঘটনার মতো বর্বর দুর্ঘটনা রোধে ট্রাফিক রুলসের কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে অথবা নতুনভাবে আইন প্রণয়ন করে বেপরোয়া গাড়ি চালকদের নিয়ন্ত্রণ করে গণপরিবহনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। একই সাথে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত শিক্ষার্থী আব্দুল করিম ও দিয়া খানম মিমের পরিবারকে এক কোটি করে মোট দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতেও রুল জারির আবেদন জানানো হয়েছে।

রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করা হলে ওই রুল বিচারাধীন থাকাবস্থায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে তাৎক্ষণিক ক্ষতিপূরণ দিতে জাবালে নূও পরিবহণের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৯ শিক্ষার্থীর যাবতীয় চিকিৎসা ব্যয় বিআরটিএ এবং জবালে নূর পরিবহণকে গণপরিবহণের ড্রাইভিং লাইসেন্স কোন যোগ্যতার ভিত্তিতে দেয়া হয় এবং সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ কি পদক্ষেপ নিয়েছে তার প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া কুর্মিটোলার দুর্ঘটনায় জাবালে নূর পরিবহণের দায় নির্ধারণে একটি তদন্ত পরিচালনার জন্য বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

গতকাল ২৯ জুলাই দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম (১৬)।

দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দুই বাসচালক ও দুই সহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।