সৌদি আরবে চলমান অবকাঠামোগত ও অর্থনৈতিক রূপান্তরের বৃহৎ প্রকল্পগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি জানান, ‘সৌদি ভিশন ২০৩০’, ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ এবং ফিফা বিশ্বকাপ ২০৩৪-কে কেন্দ্র করে দেশটির নির্মাণ, উৎপাদনশীল ও উন্নয়নমূলক খাতে বাংলাদেশী দক্ষ জনশক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজের বিপুল সুযোগ তৈরি হবে।
গতকাল সচিবালয়ে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরীর সাথে এক সৌজন্য ও দ্বিপক্ষীয় বৈঠককালে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকের শুরুতে এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় ড. আবদুল মঈন খানকে সংগঠনের পরিচালনা পর্ষদ ও সদস্যদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে তিনি মন্ত্রীর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বৈঠকে আগামী মাসে সৌদি আরবের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান শহর- রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কা ও মদিনায় সৌদি চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং শীর্ষ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের লক্ষ্যে ‘বাংলাদেশ ট্রেড প্রমোশন মিশন অ্যান্ড প্রোডাক্ট ক্যাটালগ শো’ আয়োজনের উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের অন্তত ১০টি উদীয়মান ও গুরুত্বপূর্ণ খাতের নির্বাচিত পণ্য ও সেবাসমূহ স্থানীয় বাজারে প্রচার ও উপস্থাপন করা হবে।
স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘এসএবিসিসিআইর ব্যবসায়ী নেতাদের এই সক্রিয় পদক্ষেপে সৌদি আরব ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।’ তিনি আয়োজনটির সার্বিক সাফল্য কামনা করেন। বিজ্ঞপ্তি।