কিশোরগঞ্জ প্রতিনিধি 

দেশ থেকে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন। টেক্কা দিতে চান? বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।’
গতকাল বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের কালিবাড়ী মোড়সংলগ্ন চত্বরে বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি কথা বলেন। 
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপি এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য ফ্যাসিবাদ ও স্বৈরাচার পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করে তাদের ফ্যাসিবাদ ভেঙে দিয়েছি। কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।’ প্রতিমন্ত্রীর বক্তব্যের ফাঁকে নেতাকর্মীরা ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আপা আপা করিস নারে, আপা আর আসবে না রে’ ইত্যাদি স্লোগান দেন।
দেশে আওয়ামী লীগের লোকেরা বাস-ট্রেনে আগুন দিচ্ছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দুটি বাস পুড়িয়ে কিংবা একটি চক্রের মাধ্যমে জনগণকে ভয় দেখানো যাবে না। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের সাবধান করে দিতে চাই; বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা জনগণকে নিয়ে যেভাবে হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে, তার উসকানিতে যারা এ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছেন প্রয়োজনে দেশ থেকে তাদেরকেও তাড়িয়ে দেয়া হবে। দেশকে অস্থিতিশীল করতে দেয়া হবে না।’
শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আইনের আওতায় এনে জনগণ বিচার করবে। বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এই মুহূর্তেই বিচারের আহ্বানে আপনারা আসবেন।’
তিনি আরো বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। রাজপথে নেতৃত্ব দিয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার অব্যাহত রাখা হবে।’
এর আগে দুপুরে শহরের রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড়সংলগ্ন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো: মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া ও কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন বক্তব্য দেন।