নিজস্ব প্রতিবেদক
নিয়ন্ত্রণহীন ডেঙ্গু, আগের দিন থেকে পরের দিন বাড়ছে সংক্রমণের হার। মৃত্যুও কম নয়, রোগটির চিকিৎসা গাইডলাইন দেশের সব চিকিৎসকের কাছে পৌঁছে দেয়ার পর দৈনিক পাঁচ থেকে আটজনের মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। গত জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২২৫ জনের। অপর দিকে একই সময়ে দেশে দুই হাজার ১৫৮ জন নতুন হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি তথ্য অনুসারে গতকাল সকাল পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে পাঁচ হাজার ৬৮৮ জন চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা সিটি করপোরেশনের অধীন বিভিন্ন হাসপাতালে ৫০৮ জন। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩৫৬ জন। সবমিলিয়ে কেবল ঢাকা বিভাগেই ২৪ ঘণ্টায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৪ জন। তবে চিকিৎসকরা বলছেন, ঢাকা সিটি করপোরেশন এলাকায়ই রয়েছে দেশের সেরা হাসপাতালগুলো। সে কারণে ঢাকার বাইরে থেকেও রোগী এসে ভর্তি হচ্ছে। রাজধানীতে ডেঙ্গুরোগী বেশি এটাও একটি কারণ।
এ দিকে মশক নিধনের জন্য প্রচুর অর্থ খরচ হলেও মশক নিধন হচ্ছে না। ফলে ঢাকাসহ সারা দেশেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন, মশক নিধনের যে প্রক্রিয়া ব্যবহার করা হচ্ছে এখন সময় এসেছে সেই প্রক্রিয়া পরিবর্তন করার। অন্য দিকে যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে এরও পরিবর্তন করা জরুরি। আরো বৈজ্ঞানিক উপায়ে কিভাবে মশা নিধন করা যায় তা সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে হবে। নাহলে ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে আনা কষ্টকর হবে।
গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে যে ছয়জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুইজন খুলনা বিভাগে মারা গেছেন। এর বাইরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে একজন এবং ঢাকার সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের হাসপাতালে একজন করে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও চারজন নারী। তাদের বয়স ১৬ থেকে ৬৫ বছরের মধ্যে। এ বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৭৩ হাজার ৬৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিকিৎসার জন্য। এর মধ্যে ৬৮ হাজার ছয়জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
গতকাল সকাল ৮টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩৫৬ জন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ৩১১ জন এবং উত্তর সিটি করপোরেশনের ভেতরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১৯৭ জন। গতকাল ঢাকার বাইরে খুলনা বিভাগে ৩২৯ জন ভর্তি হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ২২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন। রংপুর বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭৩ জন এবং সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১২ জন।
সারা দেশে ডেঙ্গুতে যে ২২৫ জনের মৃত্যু হয়েছে সেখানে কেবল ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১০৭ জনের। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি এলাকার হাসপাতালে ৬৭ জন, উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ২৬ জন এবং রাজধানীর বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। অপর দিকে খুলনা বিভাগে মারা গেছে ৪৪ জন, বরিশাল বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে বিভাগে ২২ জন, রাজশাহীতে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।





