নিজস্ব প্রতিবেদক

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই বর্তমানে দেশজুড়ে ‘মব সন্ত্রাস’ ও অনরাজকতা চলছে বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে সম্প্রতি হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় স্বাস্থ্যকেন্দ্রটির পুনর্বাসন ও পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫০ লাখ টাকার প্রাথমিক আর্থিক অনুদান ঘোষণা করেন তিনি।
পরিদর্শনকালে তিনি হামলায় স্বাস্থ্যকেন্দ্রটির চিকিৎসা সরঞ্জাম, আসবাবপত্র ও সামগ্রিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির চিত্র ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে কথা বলেন। সাংবাদিকদের জামায়াত আমির বলেন, একটি সেবামূলক চিকিৎসাকেন্দ্রে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, তা কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। এ সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রাথমিক পর্যায় ৫০ লাখ টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের এ সহায়তা এখানেই শেষ নয়, প্রয়োজনে এ অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে আরো যা করা প্রয়োজন, আমরা ইনশাআল্লাহ তা-ই করব।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, নিশ্চয়ই সরকারি দলের সরাসরি আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম ও দুঃসাহসিক তাণ্ডব করার সাহস অপরাধীরা পেত না। অপরাধী যে দলের বা পরিচয়েরই হোক না কেন, তাকে অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।
পরিদর্শনকালে আমিরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) আ. বাতেন, মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। এ ছাড়াও ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, শাহ আলম তুহিন, ডা. মঈনুদ্দিন, জি এম হাফিজুর রহমান ও মনিরুল ইসলাম মৃধাসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।