নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরো বাড়ানোর ওপর জোর দিয়েছেন। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে রোহিঙ্গা সঙ্কটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সাথে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় হবে বলে ও আশা প্রকাশ করেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। অন্য দিকে, চীনা রাষ্ট্রদূতের সাথে ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।
এ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। গতকাল বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী দক্ষ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধি এবং জ্বালানি, অবকাঠামো, বিমান চলাচল, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ঊর্ধŸতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীকে অভিনন্দন : জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ এক ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছে। গতকাল মন্ত্রী সভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।
এতে বলা হয়, চার দিনের সফরে প্রধানমন্ত্রী ৩২টি আন্তর্জাতিক কর্মসূচি সভায় অংশ নিয়েছেন। সাতটি উচ্চ-পর্যায়ের সভায় বক্তব্য রেখেছেন, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং জাতিসঙ্ঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।





