বিশেষ সংবাদদাতা 

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি জানিয়েছেন, একনেক বৈঠকে বিমানবন্দরের রানওয়ে-সংক্রান্ত একটি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। তবে রানওয়েতে বাতি লাগানোর কাজে দুর্নীতির অভিযোগ থাকায় সেটি তদন্ত করে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা করা পরামর্শকদের জবাবদিহির আওতায় আনার কথাও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনেক পরামর্শক মনে করেন সমীক্ষা প্রতিবেদন পক্ষে না গেলে তারা বিল পাবেন না। এ ধরনের আশঙ্কা দূর করে সঠিক সমীক্ষা যাতে হয় সে জন্য নীতিমালা করে এনইসিতে অনুমোদন করা হবে। 
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) একনেক বৈঠক শেষে এনইসিতে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। সকালে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। আর প্রতিমন্ত্রীর ব্রিফিংয়ে পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।  
প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ পাঁচ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি ২৮ লাখ টাকা। অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে আটটি নতুন প্রকল্প, তিনটি সংশোধিত প্রকল্প এবং দু’টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। তিনি জানান, রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক উন্নয়ন প্রকল্পে পরামর্শকসহ বিভিন্ন খাতে ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আঞ্চলিক বৈষম্য কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে একনেকে তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওর্য়াক সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। 
এক প্রশ্নের জবাবে জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ ব্যাংকে এর আগের মতো ডিজিটাল চুরি যাতে আর না হয় সে জন্য ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট’ অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়বে। 
একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো : বাংলাদেশে যক্ষ্মা, এইচআইভি/এইডস এবং ম্যালেরিয়া মোকাবেলায় সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার প্রতিক্রিয়া প্রকল্প, পটুয়াখালী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন, পটুয়াখালী (১ম সংশোধিত), ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (এফএসএসপি-২), চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান রৌফাবাদ, চট্টগ্রাম-এ হোস্টেল ভবন সম্প্রসারণ ও সক্ষমতা, মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী এবং বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ-১), মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিনটি সিটি করপোরেশন, একটি পৌরসভা এবং দু’টি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প (২য় সংশোধিত)। এ ছাড়া রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধন), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়) (৩য় সংশোধন), র‌্যাবের (এসআরবি) কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ (২য় সংশোধিত), ফেনী জেলার সোনাগাজীতে সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ, তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প। 
এ ছাড়া একনেক সভায় পরিকল্পনামন্ত্রীর নিজস্ব ক্ষমতাবলে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত ১৫টি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়। ওই সব প্রকল্প হলো- বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, নির্ঝর ঢাকা ক্যান্টনমেন্টের বিদ্যমান তিনতলা ভবনের ওপর ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (ছয়তলার ভিত) প্রকল্প; বিমানবাহিনী ঘাঁটি কুর্মিটোলা ঢাকায় বিদ্যমান বিএএফ শাহীন কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধির জন্য অবকাঠামো নির্মাণ প্রকল্প; আলীকদম সেনানিবাসে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামো উন্নয়ন (২য় পর্ব) প্রকল্প; ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ (২য় সংশোধিত) প্রকল্প; ১০ জেলায় বিএসটিআইর আঞ্চলিক কার্যলয় স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প; রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প (১ম সংশোধিত); মিরপুর ইউসেপ-শ্রম ও কর্মসংস্থান ইনস্টিটিউট স্থাপন এবং মানসম্পদ উন্নয়ন (১ম সংশোধিত); ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়ার্টার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) (বাপাউবো অংশ) প্রকল্প (১ম সংশোধিত); কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলাধীন ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডান তীর সংরক্ষণ (২য় সংশোধন); হবিগঞ্জ জেলার বিবিয়ানী বিদ্যুৎ কেন্দ্রগুলোর সম্মুখে কুশিয়ারা নদীর উভয় তীর প্রতিরক্ষা (২য় সংশোধন) প্রকল্প; ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ (১ম সংশোধিত) প্রকল্প; সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প (২য় সংশোধিত) প্রকল্প; বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (জিওবি আইডিবি) (২য় সংশোধিত) প্রকল্প; ভূয়াপুর-তারাকান্দি জেলা মহাসড়ক (জেড-৪৮০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (২য় সংশোধিত) প্রকল্প এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভূপৃষ্ঠের পানি পরিশোধপূর্বক পাইপলাইনের মাধ্যমে সরবরাহ ও নিরাপদ স্যানিটেশন প্রকল্প।