সীমান্তে সাম্প্রতিক সাফল্যের পর এবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও এর নেতৃত্বকে লক্ষ্য করে বিদেশী অর্থায়নে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে বাহিনীটি। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিজিবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও কনটেন্টের ক্যাপশনে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজিবি মহাপরিচালক ও বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভিডিওতে বলা হয়, পরিবর্তিত সীমান্ত পরিস্থিতিতে পুশইন প্রতিহত, চোরাচালান ও মাদক দমন, অবৈধ অস্ত্র পাচার রোধ, সীমান্তে উত্তেজনা মোকাবেলা এবং গুজব-উসকানি প্রতিরোধে বিজিবি ধারাবাহিকভাবে সক্রিয় রয়েছে। একইসাথে দুর্যোগে উদ্ধার কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা এবং সীমান্তবর্তী জনপদে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের কথাও তুলে ধরা হয়।

বিজিবি জানায়, সীমান্ত নজরদারি ও আভিযানিক সক্ষমতা বাড়াতে রাডার, থার্মাল ইমেজার, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন প্রযুক্তি সংযোজন করা হয়েছে। প্রতিষ্ঠা করা হয়েছে সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণের জন্য বিশেষায়িত ড্রোন স্কুল। পাশাপাশি নন-লেথাল অস্ত্র, মাইন শনাক্তকরণ সক্ষমতা এবং আধুনিক সরঞ্জাম যুক্ত হওয়ায় সীমান্ত ব্যবস্থাপনায় বাহিনীর সক্ষমতা আরো বেড়েছে।

বিজিবির ভাষ্য, এসব সাফল্যের ধারাবাহিকতার মধ্যেই বাহিনী ও এর নেতৃত্বকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। তবে কোনো চাপ বা অপপ্রচার দায়িত্ব পালনে প্রভাব ফেলবে না। জনগণের সহযোগিতা, সুদৃঢ় নেতৃত্ব, শক্তিশালী চেইন অব কমান্ড এবং পেশাদার জনবলের সমন্বয়ে দেশের সার্বভৌমত্ব ও নিরাপদ সীমান্ত রক্ষায় আরো দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাবে বিজিবি।

ভিডিওর শেষ বার্তায় বলা হয়, কোনো অপপ্রচারই রুখতে পারবে না বিজিবির অগ্রযাত্রা।