নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭৮ জন। বৃষ্টির ধরনের পরিবর্তন হওয়ায় গত সেপ্টেম্বর মাস থেকেই ডেঙ্গু আক্রান্ত অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। বৃষ্টির সাথে অনুকূল তাপমাত্রা ও অন্যান্য পরিবেশ এ সময়েই বেশি থাকে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত হলেও প্রাথমিক অবস্থায় চিকিৎসকের কাছে এলে ডেঙ্গুতে মৃত্যুর হার কমে যায়। কিন্তু  বেশির ভাগ রোগী দেরিতে আসেন। আবার কারো কারো ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি অন্যান্য অসুস্থতা থাকায় মৃত্যু বাড়ে। 
গত বুধবার সকাল ৮টার পর থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে যে চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের হাসপাতালে একজন, রাজশাহীতে দুজন এবং অপরজন ময়মনসিংহ বিভাগের হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে  দুজন পুরুষ ও দুজন নারী। গতকাল সকাল পর্যন্ত গত চলতি বছরে মোট ২৪৯ জন ডেঙ্গুতে মারা গেল। এ সময় ৮১ হাজার ৫৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ছাড়া পেয়েছেন ৭৫ হাজার ৫৪৪ জন।
গতকাল সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে (৩৫৮ জন)। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে ৩২৮ জন। ঢাকায় সারা দেশের মানুষ চিকিৎসা নিতে আসে বলে এখানে রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। গতকাল ঢাকার বাইরে খুলনা বিভাগে ২৫৬ জন ভর্তি হন। এ ছাড়া বরিশাল বিভাগে ২৬০ জন, রাজশাহী বিভাগে ২০৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৪ জন, রংপুর বিভাগের ১০১ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অন্য দিকে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৬ জন এবং উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ১৮০ জন ভর্তি হন।
চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে যে ২৪৯ জনের মৃত্যু হয়েছে সেখানে কেবল ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ১১৫ জনের। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ৭০ জন, ঢাকার উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ৩০ জন, এর বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ১৫ জনের মৃত্যু হয়েছে। অপর দিকে খুলনা বিভাগে মারা গেছে ৪৭ জন, বরিশাল বিভাগে ১৯ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, চট্টগ্রামে বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে ছয়জন ও সিলেট বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। 
খুলনার সিভিল সার্জন ডেঙ্গুতে আক্রান্ত
খুলনা ব্যুরো জানায়, খুলনার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বুধবার ডেঙ্গু পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট আসে। তিনি অফিসের স্কুল হেলথ ভবনের অতিথি রুমে চিকিৎসাধীন রয়েছেন। 
খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ট্রেনিং শেষ করে বের হওয়ার পর ডা. মাহফুজা খাতুন প্রচণ্ড জ¦রে আক্রান্ত হন। পরের দিন খুলনা এসে প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তীতে গুরুতর অসুস্থ হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার সকালে ডেঙ্গু পরীক্ষা করলে পজিটিভ রিপোর্ট আসে।  
ডা. মাহফুজা খাতুন ২০২৫ সালের ৬ মার্চ খুলনার সিভিল সার্জন পদে যোগদান করেন। 
২৪ ঘণ্টায় ২৫৬ ডেঙ্গু রোগী ভর্তি : খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ কমেনি। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বুধবার ১২টা থেকে গতকাল ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯৩ জন ও বেসরকারি হাসপাতালে ৬৩ জন ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় এই বিভাগে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি।