৮কুমিল্লা প্রতিনিধি
অন্যায়, অসত্য ও জুলুমের বিরুদ্ধে আন্দোলনকে সফল করতে নেতাকর্মীদের দক্ষ, সৎ, জ্ঞানী ও আদর্শিক জনশক্তি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ঈমানি শক্তিতে বলীয়ান জনশক্তিকে কোনো অপশক্তি নস্যাৎ করতে পারে না। গতকাল কুমিল্লা মহানগরীতে আয়োজিত কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাইকৃত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, জামায়াতের জনশক্তিকে কুরআন-সুন্নাহর জ্ঞান, তাকওয়া, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। ব্যক্তিজীবনে সততা, আমানতদারি ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে আসার ওপর তিনি গুরুত্বারোপ করেন। যেকোনো প্রতিকূলতায় হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে গোলাম পরওয়ার আরো বলেন, ঈমান, ধৈর্য, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্যকে আরো শক্তিশালী করতে হবে। নিয়মিত অধ্যয়ন, প্রশিক্ষণ ও আত্মসমালোচনার মাধ্যমে নেতাকর্মীদের নিজস্ব যোগ্যতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
কুমিল্লা-নোয়াখালী অঞ্চল পরিচালক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুমের সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় শিক্ষা শিবিরের কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এএইচএম আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল ও মুহাদ্দিস আবু নাছর আশরাফী। শিক্ষা শিবিরে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাইকৃত রুকনরা অংশ নেন।





