ফ্রান্স থেকে প্রতিনিধি

বাংলাদেশ ও ফ্রান্সের অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং ইউরোপের বাজারে বাংলাদেশী পণ্যের উপস্থিতি আরো সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বাণিজ্য বৈঠক। ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সদর দফতরে ফ্রান্স সফররত এফবিসিসিআইয়ের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি  দলের সাথে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে এফবিসিসিআইয়ের সাধারণ সম্পাদক মো: আলমগীরের নেতৃত্বে বাংলাদেশের তৈরী পোশাক, প্রযুক্তি, প্রক্রিয়াজাত খাদ্য ও সেবা খাতের ২২ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।
ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর জাঁনা মার্টিনের পরিচালনায় এবং সংগঠনের সহ-সভাপতি ফখরুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম মিন্টু, খন্দকার রূহুল আমিন, লুবনা ইয়াছমিন শম্পা, ফারহানা আফরোজ পলি, মো: কামরুজ্জামান, তাপস বড়ুয়া রিপন এবং খান নূরে আলম সিদ্দিকীসহ এফবিসিসিআই ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের অন্যান্য কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় ফ্রান্সসহ সমগ্র ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশী ব্যবসায়ীদের প্রবেশাধিকার সহজীকরণ, যৌথ বিনিয়োগ বৃদ্ধি এবং রফতানি পণ্যের বৈচিত্র্যকরণ।
বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও পরিবর্তিত ইউরোপীয় শুল্ক কাঠামোর প্রেক্ষাপটে ফ্রান্স ও বাংলাদেশের আমদানি-রফতানি সম্পর্ক আরো গতিশীল করা জরুরি। এ সময় ফরাসি বিনিয়োগকারীদের বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়। একই সাথে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ ও অংশীদারত্ব বাড়ানোর ওপরও গুরুত্ব দেয়া হয়।
এফবিসিসিআই প্রতিনিধি দলের প্রধান মো: আলমগীর ইউরোপের বিভিন্ন ব্যবসায়িক জোটের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের কার্যকর ভূমিকার প্রশংসা করেন।
ব্যবসায়িক নেতারা আশা প্রকাশ করেন, প্যারিস সফর এবং এ ধরনের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ফ্রান্সসহ ইউরোপের বাজারে বাংলাদেশী পণ্যের সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।