নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগে মারা গেছেন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ১৫২ জন। এর মধ্যে এক হাজার ১০৯ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৪৩ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার তিনজন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮২৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন, আর উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১২০ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৯৫ হাজার ১৯৭ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২১ হাজার ৬৬৬ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ১৬ হাজার ৮৬৩ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৩ হাজার ২৪ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫২৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ৮২, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮২, চট্টগ্রামে ৯৬, বরিশালে ৭৯, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।
সিলেটে মৃত্যুহীন টানা দুইদিন
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম ও উপসর্গে টানা দ্বিতীয় দিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হাসপাতালগুলোতে সন্দেহজনক হাম রোগী ভর্তি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫৮ জন সন্দেহভাজন হামরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬১ জনে।
গতকাল শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
নতুন ভর্তি ১৫৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন রয়েছেন।











