পয়লা ফাল্গুন আজ। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বসন্তের এই আগমনে প্রকৃতির হৃদয়েও লেগেছে দোলা। সব কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে ঋতু পরিক্রমায় হাজির হয়েছে ঋতুরাজ কবির ভাষা, ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’।
এ দিকে ঋতুরাজ বসন্তকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ, উত্তরার ৩ নম্বর সেক্টরে মুক্তমঞ্চ, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কসহ রাজধানীতে একাধিক অনুষ্ঠানের আয়োজন জাতীয় বসন্ত উৎসব কমিটি।
কমিটির সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, চলতি বছর পয়লা ফাল্গুন এবং পবিত্র শবেবরাত (মুসলিমদের একটি তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান) একই সাথে হওয়ায় উৎসবটি অর্ধদিবস পালিত হবে। তার ভাষ্য ‘আমরা ঐতিহ্যবাহী শোভাযাত্রা বাদ দিয়ে সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত উৎসব করার সিদ্ধান্ত নিয়েছি। রাজধানীর তিনটি স্থানে সাংস্কৃতিক কর্মসূচি পালিত হবে।
এ দিকে চারুকলার বকুলতলায় (চারুকলা অনুষদ) ফাল্গুনকে বরণে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। এর মধ্যে আছে শাস্ত্রীয় সঙ্গীত, বসন্তের গান, কবিতা আবৃত্তি, লোকগান এবং নৃত্য। এতে মোট ৪২টি সাংস্কৃতিক দল অংশ নেবে। রাজধানীর অন্য দু’টি ভেনুতেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ দিকে পয়লা ফাল্গুনের পাশাপাশি একই দিনে ভালোবাসা দিবসও উদযাপিত হবে। এ নিয়ে তরুণ-তরুণীদের মনে রয়েছে বাড়তি উদ্দীপনা।
ফাল্গুনের মূল বিশেষত্ব হলো এ মাসে দেখা মিলে নানা ফুলের। দৃষ্টিনন্দন এসব ফুলের সুভাস আর সৌন্দর্যে হারিয়ে যান সব বয়সীরা। বিশেষ করে তরুণদের মধ্যে কাজ করে অন্য এক উন্মাদনা। মন টিকে না ঘরে।
প্রিয়জন, বন্ধু-বান্ধবের সাথে মিলেমিশে থাকার আনন্দে ভেসে থাকতে চান তারা। আর তাদের রাঙাতেই যেন প্রকৃতিতে ফুটে অপরূপ সব ফুল। জুঁই, বকুল, মাধবীলতা, মধুমঞ্জরি, পলাশ, মাধুরীলতা, কাঠচাঁপা, করবী, কনকলতা, মুচুকুন্দ, কনকচাঁপা, স্বর্ণচাঁপা, নাগকেশর, দেবকাঞ্চন, পলাশ, শিমুল, পারিজাত, পানিয়া মাদার, টগর, ভাঁটিফুলসহ আরো নানা ফুল হাজির হয় স্বাগত জানাতে।
এমন দিনে আজ আবাল-বৃদ্ধা, তরুণ-তরুণী বসন্ত উন্মাদনায় মেতে উঠবে। শীতকে বিদায় জানানোর মধ্য দিয়েই বসন্তবরণে শুরু হবে ধুম আয়োজন। শীত চলে যাবে রিক্তহস্তে, আর বসন্ত আসবে ফুলের ডালা সাজিয়ে। বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের জরা-জীর্ণতা।
বসন্তকে সামনে রেখে গ্রাম বাংলায় মেলা, সার্কাসসহ নানা বাঙালি আয়োজনের সমারোহ থাকবে। ভালোবাসার মানুষেরা মন রাঙাবে বাসন্তী রঙ্গেই। শীতের সাথে তুলনা করে চলে বসন্তকালের পিঠা উৎসবও।
অন্য দিকে দিনটিকে আরো উপভোগ্য করে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চলবে নানা কর্মসূচি।
পয়লা ফাল্গুন আজ
পয়লা ফাল্গুন আজ। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বসন্তের এই আগমনে প্রকৃতির হৃদয়েও লেগেছে দোলা। সব কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে...





