স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। তারা কোনো দলের তল্পিবাহক হয়ে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে কখনোই অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না। গতকাল রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে অনুষ্ঠিত ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটি সব নাগরিকের; কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন। আমরা চাই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। কোনো দলের তল্পিবাহক হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন কিংবা অন্যায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে কখনোই অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না। আজকের এই সমাপনী অনুষ্ঠানে আপনারা এই শপথে বলীয়ান হবেন।
চব্বিশের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশে যেই নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরো সমুন্নত রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণকালে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এবার বেস্ট প্রবিশনার, বেস্ট অ্যাকাডেমিক ও বেস্ট শুটার হয়েছেন এএসপি রুহুল আমিন লাবু। আর ফিল্ড অ্যাক্টিভিটিস ও ঘোড়সওয়ারে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন এএসপি এম সায়েলিন।





