বিসিএস (কর) ক্যাডারের দুইজন কমিশনারকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য পদে চলতি দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর-২ শাখার সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কর কমিশনার কাজী লতিফুর রহমান ও কর কমিশনার মনোয়ার আহমেদকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) পদে নিম্নোক্ত শর্তে চলতি দায়িত্ব প্রদান করা হয়।
এতে বলা হয়েছে, সাময়িকভাবে ৬ মাসের জন্য চলতি দায়িত্ব প্রদান করা হলো, তবে ৬ মাসের অধিক চলতি দায়িত্ব প্রদানের প্রয়োজন হলে, ৬ মাস অতিক্রমের পূর্বে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট পদোন্নতি কমিটি বা বোর্ডের অনুমোদন গ্রহণ করতে হবে।
আজ ৮ এপ্রিল থেকে চলতি দায়িত্বের মেয়াদ শুরু হবে। চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তার পূর্ববর্তী পদের দায়িত্ব হস্তান্তর করে চলতি দায়িত্বপ্রাপ্ত পদে যোগদান করবেন।
চলতি দায়িত্ব পদোন্নতি হিসেবে দাবি করা যাবে না। সংশ্লিষ্ট কর্মচারী চলতি দায়িত্বপ্রাপ্ত পদের সাথে আবশ্যিকভাবে ‘চলতি দায়িত্ব’ শব্দদ্বয় যোগ করবেন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। সূত্র : বাসস








