রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার দুপুরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাতে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা থানায় খবর দেন। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান নয়া দিগন্তকে জানান, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, নিহতরা ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ফুটপাতে থাকতেন। শারীরিক অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে।

তিনি জানান, ফরেনসিক টিমের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।