রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এক অভিযান চালিয়ে সরকারি ওষুধ বিক্রির সময় হাতেনাতে দুইজন কর্মকর্তাকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
আটককৃতরা হলেন ফার্মাসিস্ট নির্মল সরকার ও স্টোর ইনচার্জ বশির উদ্দিন আহমেদ। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ওই হাসপাতালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের দামি ইনজেকশন জব্দ করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘ দিন যাবত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কয়েকজন কর্মচারী অবৈধভাবে সরকারি ওষুধ বিক্রি করে আসছিল। এ খবর পেয়ে বুধবার দুপুরে গোপনে হাসপাতালটিতে অবস্থান নেয় এনএসআইর একটি দল। একপর্যায়ে ওষুধ বিক্রির সময় সরকারি দেড় লাখ টাকার ওষুধসহ ফার্মাসিস্ট নির্মল সরকারকে হাতেনাতে আটক করা হয়। পরে তার সহযোগী স্টোর ইনচার্জ বশির উদ্দিন আহমেদকেও আটক করা হয়েছে।
আটকের সময় তাদের কাছ থেকে ২০০ পিস ক্লাক্সো ৬০ ইনজেকশন, ৩০ বক্স ক্লন্ট ৭৫ ওষুধ জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক দেড় লাখ টাকা। তবে সেই সব ওষুধ মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, আটকদের থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।





