ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত দুই দিনে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস পজেটিভ ৭ জন পুরুষ এবং ৩ জন নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ঢামেক হাসপাতালে ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে গতকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৫৯৯ জন মারা গেছেন। এদের মধ্যে ১৩৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর শুক্রবার বিকেলে এই মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি জানান, গত দুই দিনে করোনা ইউনিটে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। আমাদের এই হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসার জন্য ২৪ ঘণ্টাই খোলা রয়েছে। করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, হাসপাতাল কর্তৃপক্ষসহ ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। যারা করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন মৃতদেহগুলো তাদের আত্মীয়স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজেটিভে যারা মারা গেছেন সেসব মৃতদেহ করোনা বিধিমোতাবেক তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হচ্ছে।