বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আইনজীবী আব্দুল মালেক ওরফে মশিউর মালেক গতকাল বুধবার বাদি হয়ে আলজাজিরায় রাষ্ট্র ও সরকারবিরোধী প্রতিবেদন প্রকাশের কারণে চ্যানেলের চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন। ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম শুনানি শেষে বাদির জবানবন্দী গ্রহণ করেন।
মামলার আসামিরা হলেনÑ আলজাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তফা সোউয়াগ, শায়ের জুলকারনাইন ওরফে সামি, নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল এবং যুক্তরাজ্য প্রবাসী ডেভিড বার্গম্যান।
মামলায় বাদি উল্লেখ্য করেন, আসামিরা পরস্পর যোগসাজশে একই উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে সুনামহানি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে অপপ্রচার চালিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধে লিপ্ত আছে। তারা যৌথভাবে তাদের অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে ভুয়া মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদন তৈরি করে গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ নামে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার বিরোধী একটি প্রতিবেদন প্রচার করে এবং প্রতিবেদনটি ইউটিউবেও ব্যাপকভাবে প্রচার করা হয়; যা পরদিন বিভিন্ন মুদ্রিত ও অনলাইন পত্রিকায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
আসামিরা প্রতিবেদনে কোনো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বক্তব্য না দিয়ে এবং তথ্য-উপাত্ত বা দলিলাদি উপস্থাপন না করেই ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধু কিছু ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠান ও সাক্ষাৎকারের ছবি ব্যবহার করে, কণ্ঠস্বর সম্পাদনা করে একটি কাল্পনিক ভুয়া, মিথ্যা ও সাজানো তথ্যচিত্রের প্রতিবেদন তৈরি করে তথ্যপ্রযুক্তি অপব্যবহারের মাধ্যমে আলজাজিরা টেলিভিশনসহ ইউটিউবের মাধ্যমে সমগ্র বিশ্বে অপপ্রচার করেছে; যা দেশে-বিদেশে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের সুনাম ও মর্যাদাহানি ঘটিয়েছে।
এ কর্মকাণ্ডের মাধ্যমে আসামিরা বাংলাদেশ দণ্ডবিধির ১২৪/ ১২৪(এ)/১০৯/৩৪ ধারায় অপরাধ করেছে। এ ব্যাপারে আব্দুল মালেকের কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, আদালত তার জবানবন্দী গ্রহণ করেছেন। পরে আদেশ দিবেন।