মাদক আইনে দায়ের করা মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড (বরখাস্ত) কাউন্সিলর এরফান সেলিমকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালতে চূড়ান্ত রিপোর্ট উপস্থাপন করলে আদালত পুলিশের দেয়া গত ৫ জানুয়ারি তারিখে দাখিলীয় চূড়ান্ত রিপোর্টটি পর্যালোচনা করে আদালত মামলা থেকে তাকে অব্যাহতি দেন।
উল্লেখ্য গত ৫ জানুয়ারি এরফানকে অব্যাহতির সুপারিশ করে মাদক ও অস্ত্র মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন পরিদর্শক মুহাম্মদ দেলোয়ার হোসেন। গত ১৮ ফেব্রুয়ারি অস্ত্র মামলার চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে ওই মামলা থেকে এরফান সেলিমকে অব্যাহতি দেন আদালত। গত বছরের ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় হাজী সেলিমের ছেলে এরফান সেলিমের গাড়ি তাকে ধাক্কা মারে। এরপর তিনি সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে নেমে এরফান সেলিম ও তার সাথে থাকা অন্যরা তাকে কিল-ঘুষি মারেন এবং হত্যার হুমকি দেন। তার স্ত্রীকেও অশ্লীল ভাষায় গালাগাল করেন অভিযুক্তরা। পরদিন (২৬ অক্টোবর) সকালে এরফান সেলিম, তার দেহরক্ষী মো: জাহিদুল মোল্লা, এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন ওয়াসিফ আহমদ খান। ওই দিনই পুরান ঢাকার বড় কাটরায় এরফানের বাবা হাজী সেলিমের বাড়িতে দিনভর অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার দায়ে এরফান সেলিমকে এক বছর কারাদণ্ড দেন। এরফানের দেহরক্ষী মো: জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে দেন ছয় মাসের সাজা।