পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের পাঠক, লেখক, প্রকাশক ও ইসলামি সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে এ বইমেলা পরিণত হবে জ্ঞানচর্চা ও ইসলামী সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায়।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ আয়োজিত এবারের বইমেলায় দেশী-বিদেশী বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামী বইয়ের প্রকাশকসহ ২০৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় পবিত্র কুরআন, হাদিস, সিরাত, ইসলামী দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্য, শিশু-কিশোরদের উপযোগী ইসলামী গ্রন্থসহ বিভিন্ন বিষয়ে বিপুলসংখ্যক বই পাওয়া যাবে।
দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিভিন্ন ইসলামী প্রকাশনা সংস্থা মেলায় তাদের প্রকাশিত গ্রন্থ প্রদর্শন ও বিক্রয় করবে। ফলে ইসলামী জ্ঞানচর্চায় আগ্রহী পাঠকরা একই স্থানে বিভিন্ন প্রকাশকের বই সংগ্রহের সুযোগ পাবেন।
ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, এ বইমেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইসলামী জ্ঞান, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটবে। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে পবিত্র কুরআন, হাদিস, মহানবী হযরত মুহাম্মদ সা.-এর জীবনাদর্শ এবং ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে বইমেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বইমেলায় দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং বিপুলসংখ্যক ইসলামী গ্রন্থের সমাহারের কারণে ব্যাপক জনসমাগম হবে বলে আশা করছে ইসলামিক ফাউন্ডেশন। বইমেলাটি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।








