দেশের স্বাস্থ্যপণ্য সরবরাহ ব্যবস্থা আরো শক্তিশালী করার লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন নতুন ফার্মা গ্রেড ওয়্যারহাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) প্রাঙ্গণে নতুন ফার্মা গ্রেড ওয়্যারহাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
কেন্দ্রীয় ওষুধাগার তথা সেন্ট্রাল মেডিক্যাল স্টোরস ডিপো (সিএমএসডি), জাতিসঙ্ঘ প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস) এবং গ্লোবাল ফান্ডের অংশীদারিত্বে এই নতুন ফার্মা গ্রেড ওয়্যারহাউস নির্মাণ করা হবে।
নতুন এই স্থাপনাটি প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যসামগ্রী নিরাপদ, দক্ষ ও মানসম্মতভাবে সংরক্ষণের জন্য আধুনিক ও মানসম্মত অবকাঠামো প্রদান করবে। এর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য পণ্য সরবরাহ ব্যবস্থার সক্ষমতা আরো জোরদার হবে।
প্রকল্পটি প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী সংরক্ষণের ক্ষেত্রে বিদ্যমান একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ঘাটতি পূরণে ভূমিকা রাখবে। প্রস্তাবিত ওয়্যারহাউসটির আয়তন হবে প্রায় ১৪,০০০ বর্গফুট এবং এতে প্রায় ১,০০,০০০ ঘনফুট সংরক্ষণ সক্ষমতা থাকবে।
স্থাপনাটিতে আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থা, এইচভিএসি এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত থাকবে। এটি ফার্মাসিউটিক্যাল পণ্য সংরক্ষণের প্রয়োজনীয় মানদণ্ড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নির্মিত হবে।
গ্লোবাল ফান্ডের সহায়তায় বাস্তবায়নাধীন এ উদ্যোগটি বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএস-এর সমন্বিত সহযোগিতার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, এই আধুনিক ফার্মা গ্রেড ওয়্যারহাউস নির্মাণ বাংলাদেশের স্বাস্থ্য পণ্য সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিরাপদ, মানসম্মত ও দক্ষ সংরক্ষণ অবকাঠামোয় বিনিয়োগের মাধ্যমে আমরা এমন একটি ব্যবস্থাকে আরো শক্তিশালী করছি, যা আমাদের জনগণের জন্য প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রীর নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে সহায়তা করবে।
তিনি আরো বলেন, এই প্রকল্প বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য কর্মসূচিগুলোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো আরো শক্তিশালী করার বৃহত্তর উদ্যোগের অংশ। সংরক্ষণ সক্ষমতা, পরিচালন দক্ষতা, নিরাপত্তা এবং মানদণ্ড অনুসরণ আরো উন্নত করার মাধ্যমে নতুন ওয়্যারহাউসটি প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর আরো কার্যকর ব্যবস্থাপনায় অবদান রাখবে এবং বাংলাদেশের স্বাস্থ্য পণ্য সরবরাহ ব্যবস্থাকে আরো স্থিতিস্থাপক করে তুলতে সহায়তা করবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, গ্লোবাল ফান্ডের সিনিয়র ফান্ড পোর্টফোলিও ম্যানেজার কিউ কুই, ইউএনএফপিএ প্রোগ্রাম ম্যানেজার নামিরা বসনজাক। বাসস








