চীনের ইউনান প্রদেশের লিজিয়াং শহরে অনুষ্ঠিত ১৩তম গোল্ডেন ব্রিজ ইন্টারন্যাশনাল ইউরোলজি কনফারেন্সে বাংলাদেশের ইউরোলজি চিকিৎসা ও গবেষণার অগ্রগতি তুলে ধরেছেন বিশিষ্ট ইউরোলজিস্ট ও বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ডা: মো: রফিকূল ইসলাম। সম্মেলনে তার গবেষণাধর্মী উপস্থাপনা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ গুরুত্ব লাভ করে।

গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর চীনের লিজিয়াং শহরের গার্ডেন ভিলা, গুয়ানফাং হোটেলে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। চীনের দ্য সেকেন্ড অ্যাফিলিয়েটেড হসপিটাল অব কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত সম্মেলনে বাংলাদেশ, চীন, যুক্তরাজ্য, ফিলিপাইন, নেপাল, ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ইউরোলজিস্ট ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল অধ্যাপক ডা: মো: রফিকূল ইসলামের ‘টোটাল টিউবলেস মিনি-পিসিএনএল’ শীর্ষক গবেষণাধর্মী প্রেজেন্টেশন। কিডনির জটিল ও বড় আকারের পাথর অপসারণে ব্যবহৃত আধুনিক ও মিনিমালি ইনভেসিভ এই চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা, নিরাপত্তা, চিকিৎসা-ফলাফল এবং বাংলাদেশের মতো দেশে এর প্রয়োগের সম্ভাবনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। তার উপস্থাপনায় আধুনিক ইউরোলজি চিকিৎসায় প্রযুক্তিনির্ভর ও রোগীবান্ধব পদ্ধতির গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে আরো অংশ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সাইফুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনসের সভাপতি অধ্যাপক ডা: শফিকুর রহমান এবং ডা: খন্দকার মাহবুব হোসেন।

অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ডা: সাইফুল ইসলাম, অধ্যাপক ডা: মো: শফিকুর রহমান ও অধ্যাপক ডা: মো: রফিকূল ইসলাম নিজ নিজ গবেষণা ও প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি সম্মেলনের বিভিন্ন সায়েন্টিফিক সেশনে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের ইউরোলজি চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি, আধুনিক সার্জিক্যাল টেকনোলজির ব্যবহার এবং চিকিৎসা ও গবেষণায় বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করেন আয়োজকরা। বিশেষ করে বাংলাদেশে ইউরোলজি চিকিৎসায় আধুনিক মিনিমালি ইনভেসিভ ও ল্যাপারোস্কোপিক বা রোবোটিক সার্জারির অগ্রগতি নিয়ে ইতিবাচক আলোচনা হয়।

সম্মেলনে অনকো-ইউরোলজি, ইউরোলিথিয়াসিস, ফিমেল ইউরোলজি এবং ল্যাপারোস্কোপিক বা রোবোটিক সার্জারিসহ ইউরোলজির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সায়েন্টিফিক আলোচনা, রিসার্চ প্রেজেন্টেশন ও লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে সম্মেলনটি ইউরোলজি চিকিৎসার সর্বশেষ টেকনোলজি, রিসার্চ ও চিকিৎসাপদ্ধতি বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়।

এদিকে, কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হসপিটাল এবং বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) ভবিষ্যতে আরো কার্যকরভাবে এগিয়ে নেয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। এডুকেশন, রিসার্চ, ট্রেনিং, স্পেশালিস্ট এক্সচেঞ্জ এবং আধুনিক চিকিৎসা টেকনোলজির ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরো সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাসস