জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকিও উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে শোক প্রকাশ করেন ডা: শফিকুর রহমান। তিনি নেপালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে জানতে চান।

নেপালের রাষ্ট্রদূত সহানুভূতি প্রকাশের জন্য বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রাকৃতিক দুর্যোগের শুরু থেকেই তার আন্তরিক তৎপরতা ও শোকবার্তা প্রেরণের কথা উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে নেপালে চলমান উদ্ধার তৎপরতা, মানুষের দুর্ভোগ, ভূমিধসজনিত ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন ঘনশ্যাম ভান্ডারী।

এর পরিপ্রেক্ষিতে ডা: শফিকুর রহমান নেপালের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেপালের পাশে সর্বাত্মকভাবে থাকার আশ্বাস দেন।

বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।