বিএনপি যেকোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে জুলাইয়ের ৩০ তারিখেই কিছু সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি।

সনদ বাস্তবায়ন বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রের যে প্রস্তাব দেয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে ২৬শে মার্চকে উপস্থাপন করতে চাননি আর এরসাথে দ্বিমত পোষণ করেছে বিএনপি। এছাড়াও রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেয়া হবে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

তিনি বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে বিএনপি নাকি সহযোগিতা করছে না। নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলছেন। এ বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।

ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বানও সালাহউদ্দিন আহমেদ।

তিনি আরো জানান, ঐকমত্য কমিশনে সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে। ১৯টির মধ্যে ৭টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। আর ১২টিতে একমত হয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠানে এখনো বিএনপি দাওয়াত পায়নি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।