সিলেট ব্যুরো
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ৫ অক্টোবর থেকে সিলেটে প্রথমবারের মতো সব অংশীজনকে নিয়ে দুই দিনব্যাপী ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ পালনের উদ্যোগ নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। গতকাল শনিবার সিউক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী এ তথ্য জানান। রিকাবীবাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন সিলেটের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সিউক চেয়ারম্যান জানান, ৫ অক্টোবর সকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং নির্মাণ অনুমোদন ই-ব্যবস্থার উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। ৬ অক্টোবর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, বিশেষ সেমিনার, তরুণদের নগরায়ন ভাবনা প্রতিযোগিতা ও আলোকচিত্র মূল্যায়নের পর বিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আয়োজনটি শেষ হবে। আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ প্রকৌশল ও আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান যুক্ত থাকছে।
সংবাদ সম্মেলনে নাগরিক সেবায় সিউকের দু’টি নতুন পদক্ষেপের ঘোষণা দেন সিউক প্রধান- ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ঊঈচঝ), এতে ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে ভবন নির্মাণের নকশা আবেদন ও ট্র্যাকিং করার সুবিধা মিলবে। প্রবাসী এক্সপ্রেস সার্ভিস, যা এক মাসের মধ্যে প্রবাসীদের নকশা অনুমোদনসহ যাবতীয় সিউক সেবা নিশ্চিতের বিশেষ উদ্যোগ।
সিলেটের দীর্ঘমেয়াদি আবাসন সঙ্কট নিরসনে ৫০০ একর জায়গার ওপর ‘গ্রিন ইকো ভিলেজ’ নামে একটি টেকসই ও আধুনিক আবাসন প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে সিউক চেয়ারম্যান জানান, পরিবেশবান্ধব এ মেগাপ্রকল্পের ভেতরে সিলেটের সাংবাদিকদের জন্য একটি সুনির্দিষ্ট ‘সাংবাদিক পল্লী’ গড়ে তোলা হবে। শহরকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিউক নিরলস কাজ করে যাচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি।