বিপাকে ২৩ বছরের ছেলে। যে কোনো মুহূর্তেই গ্রেফতার করা হতে পারে তাকে। প্রমোদতরীর মাদক পার্টি থেকে পুত্র আরিয়ান খান আটক হওয়ার পরেই কাজ ভুলেছেন শাহরুখ খান। ‘পাঠান’ ছবির একটি গানের কাজের জন্য স্পেনে যাওয়ার কথা ছিল শাহরুখের। জানা যাচ্ছে, আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন তিনি। ছেলেকে বাঁচাতে নাকি এ দিক-ও দিক ছুটে বেড়াচ্ছেন বাদশা।
ইতোমধ্যেই আইনজীবী সতীশ মানশিণ্ডের সাথে যোগাযোগ করেছেন শাহরুখ খান। সতীশের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দফতরে। আটক করার পর দীর্ঘ সময় ধরে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখ-পুত্রকে। বয়ান রেকর্ড করার পর গ্রেফতারের জল্পনাও উড়িয়ে দেয়া হচ্ছে না।
শাহরুখের ঘনিষ্ঠ বৃত্তের একজন বলেছেন, ‘শাহরুখ এ বিষয়ে সামনে এসে কোনো কথা বলবেন বলে মনে হয় না। এনসিবি আরিয়ানকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেই শাহরুখের আইনি পথে হাঁটার একাধিক রাস্তা খুলে যাবে।’
তিনি আরো জানিয়েছেন, ছেলে আটক হওয়ার পর থেকে মানসিক ভাবে বিপর্যস্ত গৌরী। কাজের জন্য বিদেশে যাওয়ার কথা ছিল তারো। আপাতত শাহরুখের সাথে শহরে থাকবেন গৌরী। দুঃসময়ে ছেলের পাশে থাকতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা।
উল্লেখ মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে শনিবার রাতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে আটক করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।








