চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সম্মান জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে সিএনএন ও এমএস নাওয়ের সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি। এর কয়েক ঘণ্টা আগেই এক ফেডারেল বিচারক রায় দিয়েছিলেন, ট্রাম্প প্রশাসনকে নিষিদ্ধ করা সাংবাদিকদের সেখানে প্রবেশের সুযোগ দিতে হবে। গত সপ্তাহে তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল প্রশাসন।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জানায়, শি জিনপিংয়ের আগমনের কয়েক ঘণ্টা আগে ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনকে নিষিদ্ধ সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেয়ার নির্দেশ দিলেও নৈশভোজে সিএনএন ও এমএস নাওয়ের সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি।
শি জিনপিংয়ের আগমনের নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে হোয়াইট হাউস সিএনএনকে জানায়, তারা অনুষ্ঠানটি কাভার করতে পারবে। তবে সেখানে শুধু একজন ফটোসাংবাদিক ও একজন অডিও টেকনিশিয়ান থাকতে পারবেন। নেটওয়ার্কটির সম্পাদকীয় দলের সদস্য—একজন প্রতিবেদক ও একজন প্রযোজককে—বাদ দেয়া হয় বলে সিএনএন জানায়।
গত সপ্তাহে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কর্মকাণ্ডের ‘অতিরিক্ত নেতিবাচক’ খবর প্রকাশের অভিযোগে হোয়াইট হাউসে নিষিদ্ধ করা আরেক সংবাদমাধ্যম এমএস নাওও জানায়, নৈশভোজে শি জিনপিংয়ের আগমন কাভার করতে তাদের হোয়াইট হাউস প্রতিবেদক লরা ব্যারন-লোপেজকে ঢুকতে দেয়া হয়নি। অনুষ্ঠান কাভারের অনুমতিপত্রের জন্য আবেদন করেছিলেন তিনি। কেন তাকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, তা জানতে হোয়াইট হাউসের এক কর্মকর্তাকে জিজ্ঞেস করলে ওই কর্মকর্তা তাকে ‘স্টিভেনের সাথে কথা বলতে’ বলেন। এমএস নাউয়ের প্রতিবেদনে বলা হয়, তিনি সম্ভবত হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিয়াংকে বোঝাচ্ছিলেন।
শি জিনপিং স্ত্রী পেং লিয়ুয়ানকে সাথে নিয়ে নৈশভোজে আসার দৃশ্য হোয়াইট হাউস ইউটিউবে সরাসরি সম্প্রচার করে। তবে সিএনএনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের বড় কোনো টেলিভিশন নেটওয়ার্ক অনুষ্ঠানটির সরাসরি ভিডিও সম্প্রচার করেনি। সিএনএন ওই সম্প্রচারের অংশীদার ছিল।
এর আগে বৃহস্পতিবার সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর সাংবাদিকদের শেষ পর্যন্ত হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেয়া হয়। গত সপ্তাহে নিষেধাজ্ঞার আওতায় পলিটিকোকেও রাখা হয়েছিল। কয়েক দিন ধরে তাদের হোয়াইট হাউসে ঢুকতে দেয়া হয়নি।





