মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার তেল আমদানিতে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কারোপ মস্কোর অর্থনীতির জন্য একটি ‘বড় ধাক্কা’। ট্রাম্প দাবি করেছেন, চলমান বৈশ্বিক চাপ এবং ভারতসহ বেশ কয়েকটি দেশের ওপর মার্কিন শুল্কারোপের কারণে রাশিয়ার অর্থনীতি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ‘আমার মনে হয় রাশিয়াকে তাদের দেশ গঠনে ফিরে যেতে হবে। রাশিয়া একটি বিশাল দেশ। তাদের ভালো করার বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু তারা ভালো করছে না। তাদের অর্থনীতি এখন ভালো অবস্থায় নেই। কারণ এইসব কারণে তা ভীষণভাবে বিঘ্নিত হয়েছে।’

তিনি ভারতকে ইঙ্গিত করে আরো বলেন, ‘যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের সবচেয়ে বড় বা দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতাকে বলে, আপনি রাশিয়া থেকে তেল কিনলে আমরা আপনার ওপর ৫০ শতাংশ শুল্ক বসাবো- তখন এটা তাদের জন্য একটা বড় ধাক্কা।’

ট্রাম্প দাবি করেন, ‘আর কেউ এত কঠোর হতো না, আর আমি এখানেই থেমে থাকিনি।’ এর আগে তিনি দিল্লি ও মস্কোর অর্থনীতিকে ‘মৃত’ বলে আখ্যা দিয়েছিলেন।

ভারতের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের পাশাপাশি রাশিয়ান তেল ক্রয়ের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। ফলে মোট শুল্ক ৫০ শতাংশে দাঁড়িয়েছে।

ট্রাম্পের মতে, তার শুল্ক কেবল রাজস্ব আয়ই নয়, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতসহ পাঁচটি যুদ্ধের ‘সমাধান’ করতেও যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে।

তিনি বলেন, ‘শুল্ক আমাদের শুধু অর্থই দেয় না, শত্রুদের ওপর বিশাল প্রভাবও সৃষ্টি করে। আমরা পাঁচটি যুদ্ধের সমাধান করেছি - পাকিস্তান-ভারত, আজারবাইজান-আর্মেনিয়া, যা ৩৭ বছর ধরে চলছিল। এই দুই দেশের নেতা উঠে দাঁড়িয়ে বলেন, আমরা কখনো ভাবিনি যে এর সমাধান হবে। রাশিয়া চেষ্টা করেছে, সবাই চেষ্টা করেছে। এটা ছিল খুব কঠিন পরিস্থিতি, কিন্তু আমরা তা সমাধান করেছি।’

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, মস্কো যুদ্ধের পথ ছেড়ে দিলে তা সম্ভব হতে পারে।