যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে চলমান খরা পরিস্থিতিতে রাজ্যের বাসিন্দাদের পানির ব্যবহার ১৫ ভাগ কমানোর আহ্বান জানিয়েছেন রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে খরার কারণে সৃষ্ট অস্বাভাবিক এই পরিস্থিতিতে লনে সেচ দেয়া ও গোসলে পানির ব্যবহারে নাগরিকদের মিতব্যায়িতার আহ্বান জানান গভর্নর।
গভর্নর নিউসাম বলেন, 'মাত্র কয়েক বছর আগে শেষ হওয়া পাঁচ বছরের খরার পর আবার আমরা এখন দু'বছর যাবত খরা পরিস্থিতিতে পড়েছি।'
তিনি আশা প্রকাশ করেন, ক্যালিফোর্নিয়া রাজ্যের লোকেরা খরার জন্য স্বপ্রনোদিত হয়ে কেবল আবাসনগুলিতেই নয়, বরং শিল্প, বাণিজ্যিক কার্যক্রম এবং কৃষিকাজ পরিচালনায় ১৫ শতাংশ পানি ব্যবহার হ্রাস করতে এগিয়ে আসবে।
গত সপ্তাহে তাপ প্রবাহের কারণে পরিস্থিতি তীব্রতর হয়ে ওঠায় যুক্তরাষ্ট্রের আমেরিকা পশ্চিমাঞ্চল এবং কানাডার ওপর প্রভাব পড়েছে। আসন্ন সপ্তাহের শেষে তাপমাত্রা ১২৮ ডিগ্রি ফারেনহাইট (৫৩ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র : বাসস








