ইয়েমেনে হাউছি বিদ্রোহীদের দখলে থাকা অবশিষ্ট এলাকা পুনর্দখলে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) চেয়ারম্যান রাশাদ আল-আলিমি। রোববার টেলিভিশনে দেয়া ভাষণে তিনি রাষ্ট্রের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের পুরো ভূখণ্ডে সরকারি নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার লক্ষ্যে এ সামরিক অভিযান শুরুর কথা জানান। 

সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের প্রধান আল-আলিমির এ ঘোষণা দেশটির দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে নতুন করে বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাউছিদের অগ্রযাত্রার পর সরকারি বাহিনী পাল্টা সামরিক তৎপরতা জোরদার করেছে। গত শুক্রবার ইয়েমেনের সরকারি বাহিনী তায়েজ প্রদেশে হাউছিদের লক্ষ্য করে ২০টি বিমান হামলা চালানোর কথা জানায়। মাত্র তিন ঘণ্টার মধ্যে এসব হামলা চালানো হয় বলে সরকারি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের পশ্চিমাঞ্চল ও লোহিত সাগর উপকূলে হাউছিদের অগ্রগতি সরকারি বাহিনী ও তাদের আঞ্চলিক মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। রোববারের ঘোষণার আগে আল-আলিমি একাধিকবার সরকারি বাহিনীকে সামরিক উদ্যোগ ধরে রাখার এবং দেশের পুরো ভূখণ্ডে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন।

গত সেপ্টেম্বরের শুরুতে তায়েজ, আল-জাওফ, আল-বায়দা ও আল-হুদায়দা প্রদেশের কয়েকটি ফ্রন্টে সরকারি বাহিনীর অগ্রগতির দাবি করা হয়েছিল। আল-আলিমি তখন এসব সাফল্যকে হাউছিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর উদ্যোগ পুনরুদ্ধারের লক্ষণ হিসেবে উল্লেখ করেন। 


অন্যদিকে, গত মাসে হাউছিরা লোহিত সাগরের উপকূলবর্তী এলাকায় দ্রুত অগ্রসর হয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দরসহ বেশ কিছু এলাকা দখলে নেয় বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এ অগ্রযাত্রায় ইরানি সামরিক উপদেষ্টাদের সহায়তা পাওয়ার অভিযোগও রয়েছে। হাউছিদের এই অগ্রগতি সৌদি আরব ও ইয়েমেন সরকারের ওপর সামরিক ও কৌশলগত চাপ বাড়িয়েছে। 

ইয়েমেনের সংঘাতের সাম্প্রতিক উত্তেজনা শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নেই। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং বাব আল-মান্দাব প্রণালির নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব হাউছিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এর অন্যতম লক্ষ্য বাব আল-মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে হাউছিদের প্রভাব কমানো। সম্ভাব্য অভিযানে ইয়েমেনি বাহিনীকে সৌদি সামরিক সহায়তা, বিমান হামলা ও গোয়েন্দা সহযোগিতা দেয়ার পরিকল্পনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 


বাব আল-মান্দাব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এ নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন হয়ে থাকে। ফলে এখানে দীর্ঘস্থায়ী সংঘাত তৈরি হলে আন্তর্জাতিক নৌবাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে।

সূত্র : আল জাজিরা, রয়টার্স