ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের উধমপুর, কাশ্মিরের বেশ কয়েকটি এলাকা ও পাঞ্জাবের পাঠানকোটে পাকিস্তান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন ভারতীয় কর্মকর্তারা। তবে ভারতের এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

শুক্রবার (৯ মে) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে ভারতের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে দাবি করেছেন, পাকিস্তান রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ১৬টি ভারতীয় প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালিয়েছে, যা ভারত তাদের আধুনিক সরঞ্জামের সাহায্যে নিষ্ক্রিয় করেছে।

এদিকে পুঞ্চের পুলিশ কর্মকর্তা নাভিদ আহমেদ জানান, নিয়ন্ত্রণরেখার খুব কাছে পুঞ্চ এলাকায় গত রাতেও ভারী গোলাবর্ষণ অব্যাহত ছিল। এতে একজন নিহত ও এক নারী আহত হয়েছেন। আহতকে মান্ডি জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিয়ন্ত্রণরেখার কাছাকাছি বারামুল্লা, কুপওয়ারা ও ব্যান্ডিপোরার মতো এলাকার পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। কুপওয়ারার কিছু সেক্টরে গোলাগুলির কারণে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উরির স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বিবিসি উর্দুকে জানান, গোলাগুলিতে এক নারী নিহত হন।

এমন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মিরে রেড অ্যালার্ট জারি করে। বেসামরিক প্রশাসন ব্ল্যাকআউট ঘোষণা করে, যার কারণে রাতে জম্মু ও কাশ্মিরের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না। মানুষ এতে আতঙ্কিত হয়ে পড়ে।

পুঞ্চে সারা রাত ধরে গোলাগুলি চালানোর পর শুক্রবার সকালেও ভারী গোলাবর্ষণ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জম্মু ও কাশ্মিরের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি পরীক্ষা স্থগিত করা হয়েছে।