পুলিশের কাছে গিয়েও লাভ হয়নি, টানা দু’বছর ধরে গণধর্ষণের শিকার হয়েছেন ২০ বছরের তরুণী। শেষে ধর্ষকরা আপত্তিকর ভিডিও অনলাইনে ছেড়ে দেয়ার পর এবার টনক নড়েছে পুলিশের। ভারতের রাজস্থানের অলয়ারের এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
২০১৯ সালের এপ্রিল মাসে একটি পরীক্ষা দিতে যাচ্ছিলেন ওই তরুণী। তাকে সেই সময়েই অপহরণ করেন বিকাশ ও ভুরু জাট নামে দু’জন। অলওয়ারের এসএমডি সার্কেল থেকে তাকে অপহরণ করে। অভিযোগে, তিনজন মিলে তাকে ধর্ষণ করে। সেই সময় মালাখেরা থানায় অভিযোগ দায়ের করতে যান নির্যাতিতা। কিন্তু পুলিশ সেই অভিযোগ নেয়নি। কোনো পদক্ষেপও করেনি বলে অভিযোগ।
তারপর থেকে টানা দু’বছর ওই তরুণীকে ধর্ষণ করতে থাকে ধর্ষকরা। নির্যাতিতাকে ব্ল্যাকমেল করা শুরু হয়। ভয় দেখিয়ে বলা হয় ভিডিও নেটমাধ্যমে প্রকাশ করে দেয়া হবে। সম্প্রতি, এক সপ্তাহ আগে গৌতম সাইনি নামে এক ব্যক্তি ভিডিওটি নির্যাতিতাকে পাঠিয়ে দেখা করতে বলেন। পাশাপাশি, দেখা না করলে ভিডিওটি নেটমাধ্যমে ছড়িয়ে দেয়ারও হুমকি দেন। এর দু’দিন পর তিনি নেটমাধ্যমে প্রকাশ করে দেন ভিডিওটি।
এই ভিডিও প্রকাশ পাওয়ার পরেই পুলিশ নড়েচড়ে বসে। অভিযোগ দায়ের হয়। ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ১৬৪ জনের বক্তব্য রেকর্ড করা হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা








