চীনা কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছে যে আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না। এছাড়া নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করার ফলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন।
চীন বলেছে, তালেবানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে বিশ্বের বিভিন্ন দেশগুলোর উচিৎ আফগানিস্তানে হওয়া বিভিন্ন ইতিবাচক পরিবর্তনগুলোর প্রতি সমর্থন দেয়া।
মঙ্গলবার এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আফগানিস্তানে নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের মাধ্যমে কোনো সমস্যার সমাধান আসবে না। এছাড়া নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করার ফলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশগুলোর উচিৎ ইতিবাচকভাবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা এবং দেশটির বর্তমান কর্তৃপক্ষকে উৎসাহিত করা। আফগানিস্তানে শান্তিপূর্ণ পুনর্গঠন ও জনগণের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এছাড়া স্বাধীনভাবে আফগানিস্তানে উন্নয়নের দ্বার প্রসারিত করতে হবে।
চীনের সাথে আফগানিস্তানের ক্ষুদ্র সীমান্ত আছে। বর্তমানে কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খল পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে চীন। এছাড়া আফগানিস্তানে যুক্তরাষ্ট্রর বিভিন্ন কর্মকাণ্ড ও পশ্চিমা ধাঁচের গণতন্ত্র প্রয়োগেরও সমালোচনা করেছে তারা।
চীন বর্তমানে আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত দেশটির দূতাবাস খোলা রেখেছে এবং তালেবানের সাথে চমৎকার সম্পর্ক বজায় রেখেছে।
সূত্র : এপি








