ভারতে দোরগোড়ায় করোনার তৃতীয় ঢেউ। তারই মধ্যে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ, নতুন করে বাড়াল উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের হার একলাফে বৃদ্ধি পেল প্রায় ৫০ শতাংশ। আর সেই সাথে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। এবার ‘এন্ডেমিক’ স্টেজে পা রাখতে চলেছে ভারত।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ হাজার ৫৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৪৭.৬ শতাংশ বেশি। ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩ কোটি ২৫ লাখ ১২ হাজার ৩৬৬। এক দিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৬৪৮ জন।
২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণ বাড়লেও কমল অ্যাকটিভ কেস। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে ভারতে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৩২৭ জন। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।
পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত ভারতে ৩ কোটি ১৭ লাখ ৫৪ হাজার ৩২৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৪ হাজার ১৬৯ জন।
এর মধ্যেই ভারতকে নতুন করে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ডা: সৌম্য স্বামীনাথন জানান, এন্ডেমিক স্টেজে প্রবেশ করতে পারে ভারত। কী এর অর্থ? তার কথায়, এ দেশের বাসিন্দারা ভাইরাসকে সাথে নিয়েই বাঁচতে শিখবে। যেখানে স্থানীয় স্তরে সংক্রমণ ছড়াতেই থাকবে। এই পরিস্থিতি অতিমারীর থেকে অন্যরকম। ভারতের আয়তন এবং জনসংখ্যার কারণেই এই অধ্যায় শুরু হবে বলে মনে করছেন ওই বিশেষজ্ঞ। অর্থাৎ ভাইরাস যে আপাতত ভারতীয়দের জীবন থেকে বিদায় নিচ্ছে না, সে ইঙ্গিতই স্পষ্ট।
সূত্র : সংবাদ প্রতিদিন








