আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চাইলে তালেবানকে কী করতে হবে তা স্পষ্ট জানিয়ে দিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলন থেকে এমন বার্তা দেয়ার দাবি জানিয়েছেন তিনি।

‘ফ্রান্স ইন্টার' বেতারে মঙ্গলবার সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, তালেবানকে দেয়া বিভিন্ন শর্তের মধ্যে নারীর সমতা, বিদেশী দাতা সংস্থাগুলোকে কাজ করতে দেয়ার অনুমতি ও ইসলামী উগ্রবাদী গোষ্ঠীগুলোকে সহযোগিতা না করার বিষয় অবশ্যই থাকতে হবে।

‘আমি মনে করি, আন্তর্জাতিক স্বীকৃতির একটা মূল্য থাকা উচিত। এবং আফগান নারীদের সম্মান রক্ষা, পুরুষ ও নারীর মধ্যে সমতা আনার বিষয়টি আমাদের শর্তের মধ্যে থাকা উচিত,’ বলেন ম্যাক্রোঁ।

রোমে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আফগানিস্তান নিয়ে কথা বলবো। আমাদের বলতেই হবে। আমরা ইউরোপীয়রা, মার্কিনিরা, চীন, রাশিয়া, আফ্রিকা, এশিয়া, প্যাসিফিক ও ল্যাটিন আমেরিকার বড় শক্তিরা, আমাদের সবার একটা পরিষ্কার বার্তা থাকতে হবে, এবং সেটা দিয়ে আমরা তালেবানকে স্বীকৃতি দেয়ার জন্য বিভিন্ন শর্ত ঠিক করবো।’

সূত্র : ডয়চে ভেলে