আজারবাইজানি কর্তৃপক্ষ এ বিষয়টা নিশ্চিত করেছে যে তারা পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার্থ যুদ্ধবিমান কেনার কথা ভাবছে। মঙ্গলবার পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে তার্কিক ওয়ার্ল্ড এমন সংবাদ প্রকাশ করেছে।
সোমবার ইসলামাবাদস্থ আজারবাইজান দূতাবাসের মিলিটারি অ্যাটাশে কর্নেল মেহমান নভরুজভ এ বিষয়টা নিশ্চিত করে বলেন, আজারবাইজান এ পাকিস্তানি যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
মেহমান নভরুজভের মতে, পাকিস্তানের এ যুদ্ধবিমান কেনার বিষয়টি ইসলামাবাদস্থ আজারবাইজান দূতাবাসের অন্যতম মূল এজেন্ডা।
আজারবাইজান দূতাবাসের এ মিলিটারি অ্যাটাশে বলেন, আজারবাইজান মূলত পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার্থ যুদ্ধবিমানের ব্লক-৩ ভার্সনের সবচেয়ে আধুনিক সংস্করণের বিমানগুলো ক্রয় করতে চায়। এ আধুনিক যুদ্ধবিমানগুলো প্রথমবারের মতো চীনের আকাশে উড়ে ২০১৯ সালের ডিসেম্বর মাসে।
এ মডেলের যুদ্ধবিমানগুলোর ককপিট ইলেকট্রনিকস ও রাডার ব্যবস্থা আগের ভার্সনগুলোর চেয়ে অনেক উন্নত।
কর্নেল মেহমান নভরুজভ আরো বলেন, আজারবাইজান তাদের বিমানবাহিনীর উন্নয়নে পাকিস্তানের সাথে কাজ করবে।
সূত্র : ইয়েনি শাফাক








