দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ ভারত-পাকিস্তানের সংঘাতে ভারত উত্তরের ২৪টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল স্থগিত করেছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ বেশ কয়েকটি স্থানে ভারত ক্ষেপনাস্ত্র হামলা করার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ফরাসি বার্তাসংস্থা এএফপির সূত্রে শুক্রবার এ তথ্য জানিয়েছে বাসস।

ভারত সরকার বৃহস্পতিবার রাতে বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেয়া ২৪টি বিমানবন্দরের একটি তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে পাকিস্তানের পশ্চিম সীমান্তের কাছে যোধপুর, লুধিয়ানা ও অমৃতসর শহরগুলোও রয়েছে।

বুধবার থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেটসহ ভারতের কয়েকটি বড় বিমান সংস্থা ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।

ভারতীয় বিমান সংস্থাগুলো অন্যান্য বিমানবন্দর থেকে যাত্রীদের পরামর্শ দিয়ে বলেছে, যাত্রার কমপক্ষে তিন ঘণ্টা আগে পৌঁছাতে হবে। এ ক্ষেত্রে যাত্রীদের বাড়তি নিরপাত্তার ব্যবস্থা করা হয়েছে।

ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত ইসলামাবাদকে দোষারোপ করার দুই সপ্তাহ পর মঙ্গলবার রাতে ক্ষেপনাস্ত্র হামলা চালায় ভারত। অবশ্য পাকিস্তান পেহেলগাম হামলায় ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ তখন থেকেই কাশ্মিরে তাদের বিরোধপূর্ণ সীমান্তজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিনিময় করেছে। পাশাপাশি কামানের গোলাও ছুঁড়েছে। ফলে দুই দেশের মধ্যে আরো ব্যাপক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।