পাকিস্তান-শাসিত কাশ্মিরে গোলাবর্ষণে পাঁচজন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪০ দিনের একটি শিশুকন্যা ও নববিবাহিত এক যুবক রয়েছেন।

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ ও গোলাগুলি অব্যাহত রয়েছে।

শুক্রবার (৯ মে) বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৪টা পর্যন্ত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে, চাকোথি, লিপা, নিলুম জোরা, কেল, নাকিয়াল, ভিম্বার সামানি ও হাভেলি হাজি পীরের সেক্টরে দুই দেশের গোলাবর্ষণ চলতে থাকে।

পুলিশের মতে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোটলি জেলার খোই রাত্তা সেক্টরে, যেখানে চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

আহতদের তাৎক্ষণিকভাবে কোটলির জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বাগ জেলার চৌকি এলাকায় একটি বাড়িতে গোলার আঘাতে ভাই বোন আহত হওয়ার খবর পাওয়া গেছে।