পাকিস্তানের বিরুদ্ধে নেয়া পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা।

বৃহস্পতিবার (৯ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

তিনি পাকিস্তানকে ‘আসল উত্তেজনা বৃদ্ধিকারী’ হিসেবে উল্লেখ করে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘দিল্লি কেবল ইসলামাবাদের পদক্ষেপের জবাব দিচ্ছে।’

গত ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে বন্দকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে ওই ঘটনায় ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায় পাকিস্তান।

ভারত পাকিস্তানের সাথে ‘যুদ্ধে’ লিপ্ত কি-না উপস্থাপকের এমন প্রশ্নে কোনো স্পষ্ট জবাব না দিলেও ‘ভারত সন্ত্রাসীদের সাথে যুদ্ধে লিপ্ত’ বলে মন্তব্য করেন বিনয় কোয়াত্রা।

উভয় দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে- এমন প্রেক্ষাপটে বর্তমান উত্তেজনা পারমাণবিক যুদ্ধের পর্যায়ে পৌঁছাতে পারে কি-না জানতে চাইলে বিনয় কোয়াত্রা জবাব দেন, ‘এটা আপনার পাকিস্তানের কাছে জানতে চাওয়া উচিত।’

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত শিগগিরই সিএনএনের সাথে টেলিভিশন সাক্ষাৎকারে উপস্থিত হবেন বলে জানা গেছে।