পাকিস্তানে ভারতীয় যুদ্ধবিমান হামলার পর এবার ড্রোনের লড়াইয়ে মেতেছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এ দুই দেশ। পাকিস্তানের ছয় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক দিন পর দেশটির বিভিন্ন স্থানে সামরিক ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ভারত।
এমন পরিস্থিতিতেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, পাকিস্তান সফলভাবে আরো একটি ভারতীয় হারোপ ড্রোন ভূপাতিত করেছে। বাহাওয়ালনগরে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ধ্বংস করেছে। তবে ঘটনার সময় উল্লেখ করা হয়নি।
শুক্রবার (৯ মে) পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনী গতকাল দাবি করেছে, তারা তাদের ভূখণ্ডে ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। এর আগে গুলি চালিয়ে ভারতীয় ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছিল পাকিস্তান।
দেশটির সেনাবাহিনী বলেছে, সশস্ত্রবাহিনী তাদের ‘সফট-কিল’ (প্রযুক্তিগত) ও ‘হার্ড-কিল’ (অস্ত্রশস্ত্রের ব্যবহার) দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো ২৫টি ইসরাইলি হারোপ ড্রোন গুলি করে নামিয়েছে।
এদিকে ভারতের হামলার পাল্টা জবাবে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে দিল্লি।








