নেপালের আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা আরো বেড়ে ৫৪৭ জনে পৌঁছেছে। শুক্রবার বিকেলে তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
এই বন্যায় আহত হয়েছেন ১ হাজার ৪৭৩ জন।
তার কিছুক্ষণ আগেই নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) ৫৩৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল।
নেপাল পুলিশ জানিয়েছে, দুর্যোগ মোকাবেলা ও উদ্ধারকাজে ৪ হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য কাজ করছেন।
লাশ শনাক্ত ও ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং হয়ে উঠছে : নেপাল কর্তৃপক্ষ
বুধবারের আকস্মিক বন্যায় স্রোতের তোড়ে অনেক লাশ ভেসে দূরের জেলাগুলোতে চলে গেছে। ফলে নিহতদের পরিচয় শনাক্ত করা এবং লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠমান্ডু থেকে প্রায় ১৮৬ কিলোমিটার দক্ষিণে চিতওয়ানে ২২১টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে নওয়ালপরাসি পূর্ব এলাকা থেকে ১৩৪টি লাশ পাওয়া গেছে।
চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার গণেশ আরিয়াল বিবিসিকে বলেছেন, অনেক লাশের অবস্থা ভালো নেই। ফলে সেগুলো সংরক্ষণ ও ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় হাসপাতালের মর্গেও আর লাশ রাখার জায়গা নেই। এ কারণে লাশ রাখার জন্য আপাতত একটি সরকারি ভবন নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
সূত্র : বিবিসি








