রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে ভ্লাদিমির পুতিন বলেছেন, এসব নিষেধাজ্ঞায় রাশিয়াই সুবিধা পাবে। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি ও আল-জাজিরা।
ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের উদ্দেশে ভ্লাদিমির পুতিন বলেছেন, যারা সহযোগিতার পথ না বেছে নিয়ে রাশিয়ার ক্ষতি করবে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এসব নিষেধাজ্ঞায় আমরাই (রাশিয়া) সুবিধা পাব। আমার পরামর্শ হলো, কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে পরিস্থিতি উত্তপ্ত করবেন না।
রাশিয়ার প্রেসিডেন্ট এক টেলিভিশন বক্ততৃায় বলেন, এখানে আমাদের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার তো কোনো কারণ দেখি না। এছাড়া প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনো নেতিবাচক অভিপ্রায় নেই বলেও জানান পুতিন।
এদিকে রাশিয়ান সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ‘রাশিয়ানদের জন্য এখন বিভক্তির সময় নয়, এখন মূলত ঐক্যবদ্ধ হওয়ার সময়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হন।’
সূত্র : আল-জাজিরা, বিবিসি








