আঠাশ

ওরা এত খারাপ যে আমাদের মতো ডাইনিরাও ওদের কাছে হার মেনে যায়।
রিয়াজ বিস্মিত হয় এবং গলায় বিস্ময় ফুটিয়ে তুলে বলে ‘তার মানে তোমরা ভালো ডাইনি।’
‘তা বলতে পার।
‘কিন্তু ছোটবেলায় মায়ের মুখে শুনেছি ডাইনিরা সব খারাপ হয়।
‘না না, সেটা ঠিক না। মানুষের মধ্যে যেমন খারাপ ভালো দুইই আছে, ডাইনিদের মধ্যেও তেমন আছে। আছে পরীদের মধ্যেও। তিতলী হচ্ছে তেমন ভালো পরী। তোমাকে সে নিশ্চয় তাদের পরীরাজ্যে নজীবীনে নিয়ে যাবে।
রিয়াজ ইতস্তত করে বলে ‘নজীবীনে কিনা জানিনে। তবে বলেছে তাদের পরীরাজ্যে নিয়ে যাবে। এখন তো তার সাথে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি তো এদিককার কিছুই চিনিনে। কিভাবে ফিরে যেতে হবে তাও জানিনে। তাছাড়া ওই ডাইনির বাসায় ফিরে যাওয়ার কোনো ইচ্ছেও আমার নেই।’
বুড়ি ডাইনি বিস্মিত হয়, বিস্ময় ডাইনির গলাতেও ধরা পড়ে ‘তুমি ডাইনির সাথে থাক? তোমাদের ওখানেও ডাইনিরা আছে। আমরা যাযাবর ডাইনিরা তো জানতাম আমরা ছাড়া আর কোনো ডাইনি নেই। মানুষের পৃথিবীতে ডাইনিরা যেতে পারে না।’
‘না মানে... ঠিক সেরকম ডাইনি না। মানে তোমাদের মতো সত্যিকারের ডাইনি না। তারা বাইরের দিক থেকে মানুষ। তাদের বাইরের সবকিছুই মানুষের মতো শুধু মনের দিক থেকে তারা একেকজন ডাইনি।’
‘তার মানে আমরা ডাইনিরা সব খারাপ?’
‘না না, আমি তো তা বলিনি। (চলবে)