পঁচাশি.
কফর নাগম পরীরাজ্যের কাছাকাছি এসে ডাইনি বুড়ি রিয়াজের দিকে তাকিয়ে বলল, বাছা তোমার ওই থলেটা ফেলে দাও। শুধু শুধু ওটা টেনে নিয়ে লাভ নেই। যতই খারাপ পরীরাজ্য হোক ওরা কাউকে না খাইয়ে রাখে না। তোমার সাথে ওরা খুবই মধুর ব্যবহার করবে। তবে সমস্যা একটাই ওখান থেকে তোমাকে আর বের হতে দেবে না। তবে সাহস রেখো বাছা। তোমার মাকে খুঁজে পেলে কোনো না কোনো পথ করে বেরিয়ে আসতে পারবে।
রিয়াজ ডাইনি বুড়ির মুখের দিকে তাকিয়ে বলল , তুমি আমার সাথে ও রাজ্যে যাবে না?
ডাইনি বুড়ি বলল, না না বাছা। আমি এরকম একা একা গেলে ওরা আমাকে বন্দী করে ফেলবে। তোমাকে তো আগেই বলেছি ভালো ডাইনি হওয়ায় আমার ক্ষমতা খুব কম। ওখানে আমরা গেলে দল বল নিয়েই যাই। তার পরেও ওদের ভয়ে ভয়ে থাকি।
রিয়াজ বলল, এই পথ ধরে সোজাসুজি গেলেই সেই রাজ্য? গেটে পাহারা আছে না? আমাকে ঢুকতে দেবে?
ডাইনি বুড়ি হেসে বলল, মজার ব্যাপার কী জানো, ভালো পরীরাজ্যের মতো খারাপ পরীরাজ্যের তোরণেও কোনো পাহারা নেই। কারণ খারাপ রাজ্যে কেউ সাধ করে ঢুকতে আসে না।
আমি ঢুকলেই আমাকে বন্দী করে ফেলবে না তো?
না না বরং খুব সাদরেই গ্রহণ করবে। তোমাকে রেখে দিতে চাইবে বলে তোমার সাথে খুব ভালো ব্যবহার করবে। তবে সাবধান বাছা দুষ্ট পরীদের ভালো ব্যবহারে ভুলে গিয়ে তোমার কাজের কথা ভুলে যেও না। মাকে খুঁজে না পেলে সাথে সাথে ওখান থেকে চলে আসার চেষ্টা করবে। তোমাকে কি করতে হবে তোমার বিবেকই সেটা বলে দেবে। (চলবে)
