একশ’ আট

কাকা, কাকা, শোনেন, ওকে এখন না জাগালে এরকম কতক্ষণ ঘুমিয়ে থাকবে।
যতক্ষণ আমি চাইব। তাই বলে পিঠে পিঠে বয়ে বেড়াতে পারব না।
পিঠে বয়ে বেড়াতে হবে না। ওকে এই বেলাল ভাইয়ের পাশে বসিয়ে দেন। তারপর আপনি একটু আমার সাথে আসেন।
মানে?
মানে আমার ছায়া আমার মাকে খুঁজতে পৃথিবীতে গেছে। আপনি যদি একটু দয়া করতেন।
ব্যাপারটা কী ক্লিয়ার করে বলো। তোমরা মানুষরা এত কথা পেঁচাও না! কাকার কণ্ঠে উষ্মা।
আমাকে যদি আপনার পাখায় চড়ে মানে পিঠে করে এখান থেকে একটু পৃথিবীতে নিয়ে যেতেন তাহলে হয়তো আমি আমার মাকে খুঁজে পেতাম।
তোমাকে পিঠে নিয়ে গোটা দুনিয়ায় তোমার মাকে কোথায় খুঁজব?
আপনাকে খুঁজতে হবে না। আমার ছায়া মাকে খুঁজবে। পৃথিবীতে আমার দেশে গেলেই আমি আমার ছায়ার সাথে যোগাযোগ করে নিতে পারব। তারপর যা হয় হবে...
আর এই দুজনের কী হবে? এরা কি এখানেই বসে বসে ঘুমাবে? এদের কিন্তু আমি পিঠে করে বয়ে নিতে পারব না। আগেই বলে রাখছি। তিতলী অনুরোধ না করলে আমি এত ঝামেলায় যেতাম না। কিন্তু তিতলীর অনুরোধ আবার আমি ফেলতে পারি না কিনা।
ওদেরও একটা ব্যবস্থা কি কোনো মতে করে রাখা যায় না? পরে না হয় আবার পৃথিবীতে ফিরিয়ে দিলেন। দেখেন না একটু! রিয়াজ কাকুতি মিনতি করল।
(চলবে)