একশ’ দশ
সারা দিনের ভিক্ষাকর্ম শেষে রিয়াজের বোন মনা ও পঙ্গু বাবা ছোট্ট কুটিরে ফিরে বিশ্রাম নিচ্ছে।
কাকা রিয়াজকে কুটিরের এক কোণায় নামিয়ে দিয়ে বলল, যাও, গিয়ে তোমার মায়ের কাপড় নিয়ে এসো।
রিয়াজ দু’দিকে মাথা নাড়ল। উহু, এখন ওরা আমাকে দেখলে হল্লা মাচিয়ে বাড়ি মাথায় তুলবে। জানো না, আমি হারিয়ে গেছি। এই খবর ওরাও জানে। আমি তোমাকে বলে বলে দেই। সেইভাবে তুমি গিয়ে মায়ের কাপড় নিয়ে এসো। তুমি তো পরী। ওরা তো আর তোমাকে দেখতে পাবে না।
কাকা একটু বিরক্ত হলেও রিয়াজের কথা মেনে নিলো। মনা ও বাবার চোখ এড়িয়ে ঢুকে পড়ল ছোট্ট কুটিরের ভেতরে। বাবা মায়ের কাপড়চোপড় সব একটা টিনের ট্রাংকের মধ্যে গুছিয়ে রেখে দেওয়া। কাকা খুব সাবধানে একটা কাপড় বের করে নিলো। বাইরে বেরিয়ে রিয়াজের কাছে এলো।
চলো, আমাদের দরকারি জিনিস পেয়ে গেছি। কাকা বলতে গিয়ে একটু অবাক হলো। বোন ও বাবাকে দেখে ছোট্ট রিয়াজ স্মৃতিকাতর হয়ে পড়েছে। দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তুমি কি তোমার বাবা আর বোনের সাথে দেখা করবে?
রিয়াজ হাতের তালু দিয়ে চোখ মুছতে মুছতে দু’দিকে মাথা নেড়ে বলল, না, এখন ওদের সাথে দেখা করব না। মাকে খুঁজে পেয়ে মাকে নিয়ে এসে দেখা করব।
তাহলে চলো যাই। রিয়াজ একটু শব্দ করতেই ঘরের ভেতর থেকে বাবার গলা শোনা গেল, মনা, দেখ তো বাইরে কেউ এসেছে কিনা? তোর মা ফিরে এলো কিনা?
রিয়াজের মনটা হু হু করে উঠল। বাবা এখনো মায়ের প্রতীক্ষা করে থাকে!
(চলবে)