(গত দিনের পর)
রাজাকে বলে সে, হে মহারাজ, আমি আনন্দিত যে আপনার কন্যাকে মরতে হয়নি। তাকে ফিরিয়ে নিয়ে এসেছি। জলাভূমির ড্রাগন এই হাতে খুন করেছি আমি। আর কোনো দিন ড্রাগন এসে আবদার করবে না। বলবে না যে, আমাকে মানুষ ধরে দাও। বিপদে ফেলবে না সে আর কোনো মেয়েকে। কারণ, সে আজ মৃত। তাকে এই আমিই হত্যা করেছি।
রাজা শুনে তো অবাক। বলে কী কোচম্যান! ড্রাগনকে মেরে ফেলা তো চাট্টিখানি কথা নয়। তিনি যেন কথাটা এখনো অনুধাবন করতে পারছেন না। কোচম্যান আবার বলে, হ্যাঁ, মহারাজ। আপনার মেয়ে নতুন জীবন পেয়েছে। ওই যে আপনার মেয়ে। কোচের কোণে বসে আছেন। ড্রাগন এখন অতীত। তাকে জলাভূমিতে চুবিয়ে মেরে ফেলেছি আমি। আশা করি, এই বীরত্বের পুরস্কার পাবো আমি? নিশ্চয়ই রাজার পুরস্কার ছোট কোনো কিছু নয়? (চলবে)
