ছোট্ট বন্ধুরা,
একটি পূর্ণবয়স্ক বিভারের ওজন কত পর্যন্ত হয়? ২৫ কেজি পর্যন্ত হয়। স্ত্রী বিভার আকারে পুরুষটির চেয়ে সামান্য বড় হয়; যা স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে খুব কমই দেখা যায়। এরা এদের শক্তিশালী দাঁত ব্যবহার করে গাছ কাটে। একটি বড় আকারের গাছ এরা এক রাতের মধ্যেই কেটে ফেলতে পারে। এ গাছ দিয়ে এরা বসবাসের জন্য ঘর তৈরি করে। ঘর তৈরির ক্ষেত্রে এদেরকে দক্ষ নির্মাতাই বলা যায়। ভয় পেলে অথবা বিপদ টের পেলে বিভার পানিতে ডুব দেয় এবং লেজ দিয়ে পানিতে জোরে আঘাত করতে থাকে। এ আঘাতের শব্দ অনেক দূর থেকে শোনা যায়। ফলে অন্য বিভাররা বিপদ সঙ্কেত পেয়ে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। স্থলে এদের চলাফেরা খুবই ধীর গতির। কিন্তু পানিতে এরা দক্ষ সাঁতারু। পানিতে ডুব দিয়ে এরা ১৫ মিনিট পর্যন্ত থাকতে পারে। বর্তমানে বিভারের দু’টি প্রজাতি জীবিত রয়েছে। একটি উত্তর আমেরিকায় এবং অপরটি ইউরোপ ও এশিয়ায় পাওয়া যায়। লোম ও ঘ্রাণগ্রন্থি সংগ্রহের জন্য এদেরকে শিকার করা হয়। ঘ্রাণগ্রন্থি ওষুধ ও সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। কানাডার পাঁচ সেন্ট মূল্যের মুদ্রায় বিভারের ছবি রয়েছে। ১৯৭৬ সালে মন্ট্রিলে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে বিভারকে মাসকট হিসেবে গ্রহণ করা হয়েছিল। এবার ছবি দেখো।
